বিদেশে চাকরি: ১১০ কেন্দ্রে চলছে দক্ষতা ও ভাষা প্রশিক্ষণ

প্রাইম বার্তা অনলাইন
১০ জুলাই ২০২৬ ৩:৫৬ এএম
বিদেশে চাকরি: ১১০ কেন্দ্রে চলছে দক্ষতা ও ভাষা প্রশিক্ষণ

বৈদেশিক শ্রমবাজারের চাহিদা পূরণে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে সরকার ১১০টি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৫৫টি কোর্স চালু করেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের এক প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে মন্ত্রী বলেন, বর্তমানে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে এসব প্রতিষ্ঠানে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শুধু কারিগরি দক্ষতাই নয়, গন্তব্য দেশের ভাষা শেখার সুযোগও রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে আরবি, ইংরেজি, জাপানিজ, কোরিয়ান, চাইনিজ (ক্যান্টনিজ, ম্যান্ডারিন), জার্মান এবং ইতালিয়ান ভাষা। বিদেশ গমনেচ্ছু কর্মীদের ভাষাগত সমস্যা দূর করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এছাড়া প্রশিক্ষণ কার্যক্রম উপজেলা পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে ৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এতে করে ওই অঞ্চলের মানুষও বিদেশে কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...