কুমিল্লায় কৃষিমন্ত্রী: ১৭ বছরের সংগ্রামে গণতন্ত্র ফিরেছে, আস্থা রাখতে হবে
কুমিল্লায় কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, গত ১৭ বছর যারা দেশ পরিচালনা করেছে তাদের অপশাসনে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল, যার ফলে গণবিপ্লবের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণ ভালোবেসে আমাদের ভোট দিয়েছে, তাই সেই ভোটের মর্যাদা দিতে হবে এবং সাধারণ মানুষের সঙ্গে সদাচরণ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বিএনপির কর্ম ও আচরণ দিয়ে মানুষের মন জয় করতে হবে এবং সাবেক সরকারের স্বৈরাচারী আচরণ মানুষ ভুলে যাবে।
হাজী আমিন উর রশিদ বলেন, প্রধানমন্ত্রী তাকে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন এবং তিনি ঈমানের দায়িত্ব হিসেবে সেটা পালন করবেন। দেশ ও কুমিল্লাকে সুন্দরভাবে গড়ে তোলা সবার দায়িত্ব উল্লেখ করেন তিনি। এ সময় অনুষ্ঠানে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

