জনগণের ভালোবাসা ধরে রাখতে ভালো আচরণের তাগিদ কৃষিমন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
২৪ মার্চ ২০২৬ ১:১৩ এএম
জনগণের ভালোবাসা ধরে রাখতে ভালো আচরণের তাগিদ কৃষিমন্ত্রীর

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। জনগণের এই আস্থাকে ধরে রাখতে হলে সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা এবং তাদের সেবা করা দলীয় নেতাকর্মীদের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১৭ বছর যারা দেশ পরিচালনা করেছে তাদের শাসনামলে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। এ কারণে মানুষ বিদ্রোহ করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছে। তিনি আরো বলেন, জাতীয়তাবাদী দল তাদের কর্ম দিয়ে জনগণের মন জয় করবে এবং অতীতের স্বৈরাচারী শাসকদের মানুষ ভুলে যাবে। দেশ ও কুমিল্লাকে সুন্দর করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম এবং সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...