মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে অর্থনীতিতে বাড়বে চাপ: অর্থমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২২ মার্চ ২০২৬ ৫:১১ পিএম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে অর্থনীতিতে বাড়বে চাপ: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে সংঘটিত চলমান যুদ্ধের প্রভাবে বাংলাদেশের অর্থনীতি ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তবে দেশের অর্থনৈতিক ব্যবস্থার ওপর চাপ আরও তীব্র আকার ধারণ করবে। রোববার (২২ মার্চ) চট্টগ্রাম নগরীর মেহেদীবাগস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই অর্থনীতির একটি ভঙ্গুর অবস্থার সঙ্গে লড়াই করছে। এর ওপর মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় নতুন করে চাপ সৃষ্টি হয়েছে। যেহেতু বাংলাদেশ মূলত জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল, তাই ওই অঞ্চলের অস্থিরতা আমাদের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। তবে সৌভাগ্যক্রমে বিকল্প ব্যবস্থাপনার মাধ্যমে এখন পর্যন্ত জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে, যাতে বিদ্যুৎ ও উৎপাদন খাত বিঘ্নিত না হয়।

আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সরকার ইতোমধ্যে জ্বালানির জন্য বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে এবং বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি শুরু করেছে। কার্যকর ব্যবস্থাপনার কারণে এখন পর্যন্ত মিল-কারখানা ও বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে। তবে ভবিষ্যতে যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তবে এর চাপ সরাসরি সাধারণ মানুষের ওপর আসতে বাধ্য। এই পরিস্থিতি মোকাবেলায় জনগণকে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার একাই এটা সামলাতে পারে না, জনগণের সহযোগিতা ও সহমর্মিতা অত্যাবশ্যক। এ সময় চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...