তারেক রহমানকে ফোন শাহবাজ শরীফের, ঈদ শুভেচ্ছা ও সম্পর্কোন্নয়নের আশ্বাস
ঈদ উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ। শুক্রবার (২০ মার্চ) দুই নেতার এই ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বার্তা দেওয়া হয়েছে।
পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, অত্যন্ত আন্তরিক পরিবেশে এই কথোপকথন অনুষ্ঠিত হয়। শাহবাজ শরীফ এ সময় বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সব ক্ষেত্রে ঢাকার সঙ্গে সহযোগিতা বাড়াতে দৃঢ় প্রত্যয়ী ইসলামাবাদ। দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম বন্ধন স্মরণ করেন তিনি।
আলাপচারিতায় দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মতামত বিনিময় করেন দুই সরকারপ্রধান। সংলাপ ও কূটনীতির মাধ্যমেই যেকোনো মতপার্থক্য দূর করার ওপর গুরুত্বারোপ করেন তারা। জবাবে পাকিস্তানের জনগণের প্রতি শুভকামনা জানান তারেক রহমান।
বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভবিষ্যতে অধিকতর ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন দুই নেতা।

