দেশজুড়ে ঈদুল ফিতরের জামাত: প্রধান ঈদগাহে নামাজ সকাল সাড়ে ৮টায়
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামীকাল বা শনিবার সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে ঈদের তারিখ নির্ধারিত হলেও বাংলাদেশে চাঁদ দেখার সংবাদের অপেক্ষায় রয়েছে মুসলিম সম্প্রদায়। তবে যেদিনই ঈদ হোক না কেন, রাজধানীসহ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে এবার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এতে রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিচারপতি এবং মন্ত্রিসভার সদস্যরা অংশ নেবেন। এ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক। তবে আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এই জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বায়তুল মোকাররমে পাঁচটি জামাতের ব্যবস্থা করা হয়েছে।
দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে, যেখানে এবার ১৯৯তম জামাত সম্পন্ন হবে। সকাল ১০টায় শুরু হওয়া এই জামাতে ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মো. সাইফুল্লাহ। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ভৈরব ও ময়মনসিংহ থেকে দুটি বিশেষ ‘শোলাকিয়া এক্সপ্রেস’ ট্রেন চালু করা হয়েছে। অন্যদিকে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে লাখ লাখ মানুষের সমাগমে সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে, যেখানে ইমাম থাকবেন মাওলানা মাহফুজুর রহমান।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, ঈদের জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জাতীয় ঈদগাহ ও শোলাকিয়াসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

