হাতের কালি শুকোনোর আগেই প্রতিশ্রুতি পূরণে মাঠে বিএনপি: ফরহাদ আজাদ

প্রাইম বার্তা অনলাইন
১৮ মার্চ ২০২৬ ৮:১১ পিএম
হাতের কালি শুকোনোর আগেই প্রতিশ্রুতি পূরণে মাঠে বিএনপি: ফরহাদ আজাদ

নির্বাচনের পর ভোটের কালি শুকানোর আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে নেমেছে বিএনপি সরকার। এমনটাই দাবি করেছেন পানিসম্পদ উপমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, হাত থেকে কালি ওঠার আগেই তারেক জিয়ার নেতৃত্বাধীন সরকার জনগণের উন্নয়নে কাজ শুরু করেছে। বুধবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে সিংজানি খালের সাড়ে ৪ কিলোমিটার খনন কাজের আনুষ্ঠানিক সূচনা করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, জাতীয়তাবাদী দলের ৩১টি নির্বাচনী অঙ্গীকারের মধ্যে খাল খনন অন্যতম। গত ১৬ মার্চ থেকে সারাদেশে এই কার্যক্রম শুরু হয়েছে। এর আগেই ফ্যামিলি কার্ড প্রদান এবং কৃষি ঋণ মওকুফের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, খালটি পুনঃখননের ফলে এলাকার সেচ ব্যবস্থার উন্নয়ন হবে এবং শুষ্ক মৌসুমে কৃষি কাজে সুবিধা পাবেন কৃষকরা। এছাড়া খালে মাছ ও হাঁস পালনের মাধ্যমে স্থানীয়দের আর্থিকভাবে স্বাবলম্বী করা সম্ভব হবে।

করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ- এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই এই উন্নয়ন কাজ চলমান রয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক কবীর এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুন্নবী টিটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...