লঞ্চ চলাচল বন্ধের আশঙ্কা: তেল সংকটে নড়বড়ে দেশের নৌপথ

প্রাইম বার্তা অনলাইন
১৮ মার্চ ২০২৬ ১০:১৪ এএম
লঞ্চ চলাচল বন্ধের আশঙ্কা: তেল সংকটে নড়বড়ে দেশের নৌপথ

ঈদুল ফিতরের ছুটিতে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় দেশের নৌপথে যাত্রী পরিবহন ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। যাত্রীবাহী লঞ্চ ও জাহাজ মালিকরা জানিয়েছেন, চাহিদার তুলনায় প্রায় ৬০ শতাংশ কম তেল সরবরাহ পাওয়ায় বুধবার (১৯ মার্চ) সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যেতে পারে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে বাংলাদেশ রিভার ফুয়েল ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি জিএম সরোয়ার সাংবাদিকদের জানান, সরকার রেশনিং পদ্ধতি তুলে নেওয়ার ঘোষণা দিলেও বাস্তবে পর্যাপ্ত জ্বালানি পাওয়া যাচ্ছে না। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা পেট্রোলিয়ামসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত হস্তক্ষেপ না করলে নৌপথে চরম বিপর্যয় নেমে আসবে। একই সুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সহসভাপতি কামাল হোসেন বলেন, নির্ধারিত সময়ে তেল না পেলে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রীদের মধ্যে উত্তেজনা তৈরি হতে পারে।

ঢাকা নদী বন্দর পরিদর্শনে দেখা গেছে, মঙ্গলবার রাত পর্যন্ত দেশের বিভিন্ন রুটে ৬০ থেকে ৬৫টি যাত্রীবাহী জাহাজ ছেড়ে গেছে। যাত্রীচাপ তুলনামূলক কম থাকায় অনেকে স্বস্তিতে ঈদযাত্রা করতে পারলেও জ্বালানি সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে ঈদের আগে নৌপথে বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...