প্রধানমন্ত্রী তারেক রহমান ধৈর্যশীল ও ফললক্ষ্যমুখী: আশিক চৌধুরী
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন অত্যন্ত ভালো শ্রোতা এবং তিনি ফলাফলভিত্তিক নেতৃত্বে বিশ্বাস করেন। মঙ্গলবার (১৭ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর নেতৃত্বের গুণাবলি তুলে ধরে তিনি এসব কথা জানান।
আশিক চৌধুরী জানান, গত এক মাসে প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নিয়ে তিনি দেখেছেন যে, তিনি ধৈর্য ধরে সবার কথা শোনেন এবং কারো ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেন না। প্রধানমন্ত্রীর এই ধরনের নেতৃত্ব তাকে অত্যন্ত আশাবাদী করেছে বলেও উল্লেখ করেন তিনি। বিডা চেয়ারম্যান বলেন, সরকারি সংস্থাগুলোতে জবাবদিহিতা নিশ্চিত করতে তারা প্রধানমন্ত্রীর কাছে ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা উপস্থাপন করেছেন।
বৈশ্বিক অস্থিরতার কারণে বিদেশি বিনিয়োগ কমে যাওয়ায় ঘরোয়া বিনিয়োগ ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে আগামী ছয় মাসে ২৫টি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে রয়েছে সরকারি অব্যবস্থাপিত শিল্পের বেসরকারিকরণ, ফ্রি ট্রেড জোন ও সমরাস্ত্র শিল্প নীতিমালা প্রণয়ন, বিকল্প জ্বালানি অনুসন্ধান, বন্দরে আধুনিকায়ন এবং কোরিয়া-বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করা। ছয় মাস শেষে এই কাজের সাফল্য ও ব্যর্থতা নিয়ে একটি ‘রেজাল্ট কার্ড’ প্রকাশ করা হবে।
ব্যক্তিগত পর্যায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে আশিক চৌধুরৰ হালকা রসিকতা করে বলেন, প্রধানমন্ত্রী হাসি মুখে হাত-পা না ভাঙার শর্তে তাকে প্যারাসুট নিয়ে ঝাপানোরও অনুমতি দিয়েছেন। তবে এখনো ব্যস্ততার কারণে তার সঙ্গে কোনো সেলফি তোলা হয়নি বলেও জানান তিনি।

