গলাচিপায় অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

গলাচিপায় অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ইলিশসহ অন্যান্য মাছের নিরাপদ প্রজনন এবং মৎস্যসম্পদ সংরক্ষণে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ৩৬টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের নির্দেশনায় উপজেলা মৎস্য দপ্তর ও চরশিবা পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলার চরকাজল ইউনিয়নের বড় চরকাজল, উত্তর ছোট চরকাজল ও উত্তর শিবা এলাকায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, অভিযানে মোট ৩৬টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২৬ হাজার টাকা। পরে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য দপ্তর জানায়, অবৈধ চায়না দুয়ারী ও বেহুন্দি জালের ব্যবহারে মা মাছ, মাছের পোনা ছাড়াও সাপ, ব্যাঙসহ বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে নিধন হচ্ছে। ফলে নদ-নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জহিরুন্নবী বলেন, “চায়না দুয়ারী ও বেহুন্দি জাল দেশের মৎস্যসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব জালের মাধ্যমে নির্বিচারে মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণী নিধন করা হয়, যা মৎস্য খাতে অপূরণীয় ক্ষতির কারণ।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্যসম্পদ সংরক্ষণে এসব অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ জাল ও অবৈধ মৎস্য আহরণের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...