পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

রাজবাড়ীর পাংশায় মামলা প্রত্যাহারকে কেন্দ্র করে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের শিহড় গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী হৃদয় মণ্ডল শুক্রবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ওই এলাকার মো. শুকুর মণ্ডলের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালে জমি-সংক্রান্ত বিরোধের জেরে হৃদয় মণ্ডলের পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করে। দীর্ঘদিন ধরে অভিযুক্তরা মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন।
অভিযুক্তরা হলেন- মো. ওহাব মণ্ডল, মো. আজিজ, মো. আনোয়ার, মো. জিল্লু, মো. জিকু, মো. হনু, মো. রিজাই ও শাহিন।
ভুক্তভোগী হৃদয় মণ্ডল জানান, বৃহস্পতিবার সকালে অভিযুক্তরা অজ্ঞাত ৫০-৬০ জনের একটি সশস্ত্র দল নিয়ে তার বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। তারা একটি সাব-বাক্সে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্র ও একটি পালসার মোটরসাইকেল ভাঙচুর করে। এছাড়া তারা তার বৃদ্ধ বাবা-মাকে মারধর করে। এ সময় তিনি প্রাণভয়ে বাড়ি থেকে পালিয়ে যান।
এ বিষয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। তবে অভিযুক্ত ওহাব ও আজিজ মণ্ডলের স্ত্রীরা জানান, মামলা তুলে নেওয়ার বিষয়ে কথা বলতে গেলে ওই পরিবারের লোকজন তাদের স্বামীদের মারধর করেন। পরবর্তীতে তাদের লোকজন সেখানে গিয়ে ভাঙচুর চালায়। তাদের দাবি, তাদের দুই স্বামী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
তবে হাসপাতালে গিয়ে তাদের উপস্থিতি পাওয়া যায়নি।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

