পাংশায় অসহায়দের পাশে “ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন”: ফ্যান, হুইলচেয়ার ও শিক্ষাসামগ্রী বিতরণ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার একটি মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন” নিয়মিতভাবে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটি বিভিন্ন এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সহায়তা প্রদান করেছে।
সম্প্রতি মৌরাট ইউনিয়নের রুপিয়াট গ্রামের বাইতুর নূর জামে মসজিদে দুটি ফ্যান প্রদান করা হয়। একইসঙ্গে পাট্টা ইউনিয়নের পুইজোর গ্রামের মুছিদাহ বনগ্রাম সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় একটি ফ্যান দেওয়া হয়েছে।
এছাড়াও মাছপাড়া ইউনিয়নের রামকোল গ্রামে সুধীর কুমারের অসহায় প্রতিবন্ধি ছেলেকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়।
অন্যদিকে, মাছপাড়া ইউনিয়নের লক্ষনদিয়া মধ্যেপাড়া এলাকার একটি এতিমখানা ও মাদ্রাসায় এক এতিম শিশুকে এক সেট কিতাব প্রদান করা হয়েছে। পাশাপাশি ওই শিশুটির নানিকে একটি শাড়িও উপহার দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এসব কার্যক্রম সম্ভব হয়েছে সমাজের দানশীল ব্যক্তিদের নিঃস্বার্থ সহযোগিতার মাধ্যমে। যারা পর্দার আড়ালে থেকে সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক দোয়া প্রকাশ করা হয়।
উল্লেখিত কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাগর শিকদার, কোষাধ্যক্ষ ইমতিয়াজ আহমেদ সাকিব, কার্যনির্বাহী সদস্য হাফিজুল, শেখ রবিন, সঞ্জয়, রাশেদ, সোহানসহ অন্যান্য সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম টিপু মিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানবতার কল্যাণে “ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন”-এর এ ধরনের ছোট ছোট উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

