কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, দেবিদ্বারে কারো চাঁদাবাজি করার সুযোগ থাকবে না। কেউ চাঁদার দাবিতে আসলে তাকে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে খবর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দেবিদ্বারের ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে এমপি এই হুঁশিয়ারি দেন।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে এমপি হাসনাত বলেন, বাজারের ইজারাদার যেন নির্ধারিত সীমার বাইরে চাঁদা তুলতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে। তিনি উপজেলার এক চাঁদাবাজকে নাম ধরে সতর্ক করে বলেন, কাঁচাবাজারের ইজারাদার নির্দিষ্ট এলাকার বাইরে চাঁদা তুলতে এলে সাধারণ মানুষ ধরে পিটিয়ে ফেললে তিনি দায়ী থাকবেন না। এমনকি তিনি চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দানকারীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
শপথ গ্রহণের পরপরই নির্বাচনি এলাকায় ফিরে আসেন এই সাংসদ। বুধবার সকাল থেকে তিনি উপজেলার ১১টি শহীদ পরিবারের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি আগামী মার্চের মধ্যে শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছেন বলে জানান।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা