দলমত নির্বিশেষে গণতন্ত্রের ভিত মজবুত রাখলেই দেশের উন্নয়ন: এ্যানি
দলমত নির্বিশেষে সবাই মিলে গণতন্ত্রের ভিত মজবুত করতে পারলেই বাংলাদেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এই মুহূর্তে সবাই একযোগে সহযোগিতার মাধ্যমে তারেক রহমানের হাতকে শক্ত করাটাই সবচেয়ে জরুরি। মানুষের জন্য নতুন করে বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি বলেন, আন্দোলন করে সরকার গঠন করেছি, তখন কোনো নির্বাচনি প্রক্রিয়া ছিল না। কিন্তু এখন নির্বাচনি প্রক্রিয়া নতুনভাবে শুরু করেছি এবং এই যাত্রাকে অনেক দূরে নিয়ে যেতে হবে। নানা কঠিন পরিস্থিতি পেরিয়েই লক্ষ্যপয়েন্টে পৌঁছাতে হবে বলেও তিনি মনে করেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, ব্যক্তি যেখানেই থাকুক, সবার দায়িত্ব ঐক্য বজায় রেখে সামনের দিনগুলো পার করা। গত ১৭-১৮ বছর বাংলাদেশের ইতিহাস ভালো ছিল না; প্রত্যেকে নিজ নিজভাবে সেই পরিস্থিতি মোকাবিলা করেছি। এখন স্বাভাবিক জীবন ফিরে এসেছে, যা তিন বছর আগেও ভাবতে পারিনি। এই স্বাভাবিকতা ধরে রাখতে রাজনৈতিক যুদ্ধ থেকে সরে এসে এখন জীবনযুদ্ধে এগোতে হবে। অভাব-অনটনের এই যুদ্ধে জয়ী না হলে শিক্ষা, সচেতনতা ও মানবকল্যাণমূলক রাজনীতির কোনো মূল্য থাকে না বলেও তার অভিমত।
তিনি আরও বলেন, সংসদে সুন্দর আলোচনা হলেও বাইরে এসে সেই চেতনা অনেক সময় ধরে রাখা যায় না। রেগে গিয়ে ভিন্ন কর্মসূচিতে ঝুঁকে পড়ার প্রবণতা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সবদিক চিন্তা করে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।

