জাপানের মারুবেনির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বিনিয়োগকারী প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১১ অক্টোবর) রাজধানীর সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুসংহত করা এবং সম্ভাবনাপূর্ণ নানা খাতে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে বিস্তারিত কথা হয়। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতা এবং অতিরিক্ত বিনিয়োগের সুযোগ নিয়ে দুই পক্ষের মধ্যে আলাপ হয়।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে মারুবেনি কর্পোরেশনের সঙ্গে বাংলাদেশের পাটজাত পণ্যের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এই বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক অগ্রগতিতে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে মারুবেনির প্রতিনিধিরা জানান, বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনাকে তারা গুরুত্বপূর্ণ মনে করছেন এবং এ দেশের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহী। এই বৈঠকের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল হবে বলে আশা করা যাচ্ছে।

