জাতিসংঘের নেতৃত্বেই সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বদেশে ফেরানোর বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আন্তর্জাতিক মহলের সহায়তা ও জাতিসংঘের নেতৃত্বে এ প্রত্যাবাসন নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন তিনি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি এ কাজে নিয়োজিত রয়েছে। সেখানে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। তবে দীর্ঘদিন সমস্যাটি ঝুলে থাকায় তা জটিল রূপ নিয়েছে মর্মে উল্লেখ করে তিনি দ্রুত সমাধানের আশা প্রকাশ করেন। রোহিঙ্গাদের জন্য পৃথক কারাগারের প্রস্তাব সংক্রান্ত প্রশ্নে তিনি স্পষ্ট জানান, তার জানামতে এমন কোনো প্রস্তাব নেই। কারা অধিদপ্তর থেকে এমন প্রস্তাব পাঠানোর দাবি করা হলেও মন্ত্রী তা অস্বীকার করেন।
ক্যাম্পের আইনশৃঙ্খলা নিয়ে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা এবং সাধারণ অপরাধ ক্যাম্পগুলোর প্রধান চ্যালেঞ্জ। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে ক্যাম্প সংশ্লিষ্ট কার্যক্রম চলছে। তিনি জানান, সম্প্রতি এপিবিএনের প্রায় ৪০০ সাব-ইন্সপেক্টর পর্যায়ের কর্মকর্তাকে তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে; আইনগত কাভারেজসহ এখন তারা ক্যাম্পের অপরাধ তদন্ত করতে পারবেন।
এছাড়া ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় মুক্তিপণ আদায়ের উদ্দেশে বাড়তে থাকা অপহরণ রোধে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানান মন্ত্রী। কক্সবাজারে মাদকবিরোধী বৈঠকে আলোচনার পর এ সিদ্ধান্ত হয় বলে তিনি জানান; ১০ ডিভিশনের অধীনে ক্যাম্পগুলো গড়ে তোলা হবে। আন্তর্জাতিক তৎপরতা বাড়লে দীর্ঘদিনের এ সংকটের অবসান হয়ে রোহিঙ্গারা স্বগৃহে ফিরতে পারবে বলে সরকার প্রত্যাশা করছে।

