শিক্ষার্থীদের ‘ফার্স্ট এইড অব ল’: চাকসুর ‘আইনের আলো’র মোড়ক উন্মোচন

প্রাইম বার্তা অনলাইন
১৭ সেপ্টেম্বর ২০২৬ ৮:১৪ এএম
শিক্ষার্থীদের ‘ফার্স্ট এইড অব ল’: চাকসুর ‘আইনের আলো’র মোড়ক উন্মোচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে প্রকাশিত আইনবিষয়ক ম্যাগাজিন ‘আইনের আলো’-র মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ম্যাগাজিনটির প্রচ্ছদ উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

মোড়ক উন্মোচনকালে উপাচার্য বলেন, অনেকের কাছে আইন মনে হয় অত্যন্ত জটিল ও দুর্বোধ্য বিষয়। অথচ বাস্তব জীবনে সাধারণ মানুষকে প্রতিনিয়ত নানা আইনি সমস্যার মুখোমুখি হতে হয়। মোবাইল ফোন চুরি বা হারিয়ে গেলে কী করণীয়, পুলিশি হয়রানির শিকার হলে কোথায় আশ্রয় নেওয়া যায়, কেউ ভুয়া আইডি খুলে মিথ্যা তথ্য ছড়ালে তার প্রতিকার কীভাবে পাওয়া যায় কিংবা জমি-জায়গা নিয়ে বিরোধ দেখা দিলে কোন আইনি পথ অনুসরণ করা উচিত—এসব বিষয়ে প্রত্যেক নাগরিকের ধারণা থাকা প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করেন, এই প্রকাশনাটি শিক্ষার্থীদের জন্য ‘ফার্স্ট এইড অব ল’ বা আইনের প্রাথমিক সহায়তা হিসেবে কাজ করবে। একই সঙ্গে উপাচার্য জানান, শিক্ষা ও গবেষণায় মানসম্মত একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সবার সহযোগিতার ভিত্তিতেই তারা কাজ করছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল আবেদীন, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন, আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদসহ সংসদের অন্যান্য প্রতিনিধিরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...