পায়ে মাড়িয়ে চানাচুর তৈরির অভিযোগ, ১৯ প্রতিষ্ঠানকে ২৭ লাখ টাকা জরিমানা

প্রাইম বার্তা অনলাইন
১৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:০২ পিএম
পায়ে মাড়িয়ে চানাচুর তৈরির অভিযোগ, ১৯ প্রতিষ্ঠানকে ২৭ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন রোধে সারাদেশে নিয়মিত অভিযান চালাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। সাম্প্রতিক এক অভিযানে পায়ে মাড়িয়ে চানাচুর তৈরির অভিযোগ পাওয়া গেছে, পাশাপাশি উৎপাদন কক্ষে তেলাপোকা ও ছারপোকার বিচরণের চিত্রও দেখা যায়। গত ৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত অভিযান ও সামারি ট্রায়ালে ১৯টি প্রতিষ্ঠানকে মোট ২৭ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ২০টি মামলা দায়ের করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ বাস্তবায়ন, মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চলছে। এর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন এলাকায় এই সময়ে ৭টি প্রতিষ্ঠানে অভিযান হয়। অনিবন্ধিত অবস্থায় প্রতিষ্ঠান চালানো, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, ফ্রিজে লেবেলবিহীন মাছ-মাংস সংরক্ষণ, ট্রেড লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্যসনদ ও পেস্ট কন্ট্রোল প্রমাণক দেখাতে ব্যর্থ হওয়ার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং ৩টি মামলা দায়ের করা হয়।

ঢাকার বাইরে লক্ষ্মীপুর, বগুড়া, সিরাজগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ, মৌলভিবাজার, হবিগঞ্জ, সিলেট, বরিশাল, রংপুর ও নীলফামারি জেলায় মোট ১৪টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পায়ে মাড়িয়ে চানাচুর উৎপাদন, পোড়াতেল ব্যবহার, অননুমোদিত রাসায়নিক রং, উৎপাদনস্থলে তেলাপোকা-ছারপোকার উপস্থিতি, অনুমোদনহীন ঘি, বিরিয়ানিতে কেওড়াজল মেশানো, লেবেলবিহীন পণ্য ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে ওই প্রতিষ্ঠানগুলোকে ২০ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৫টি মামলা দায়ের করা হয়।

এছাড়া ১২ সেপ্টেম্বর পাবনা ও সিলেটে পৃথকভাবে সামারি ট্রায়াল অনুষ্ঠিত হয়। পাবনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিরাপদ খাদ্য অফিসারের উপস্থিতিতে পরিচালিত অভিযানে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ত্রুটি পাওয়ায় ২টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন অভিযান ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...