ঈদে মিলাদুন্নবীর আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

প্রাইম বার্তা অনলাইন
১২ সেপ্টেম্বর ২০২৬ ১:২১ পিএম
ঈদে মিলাদুন্নবীর আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের রাউজানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোকসজ্জার কাজে নিয়োজিত থাকা অবস্থায় সিঁড়ি থেকে পড়ে প্রাণ হারিয়েছেন মনির হোসেন (৩৩) নামের এক যুবক। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের করিম সিকদারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মনির কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নাঙ্গলকোট পৌরসভার শ্রীকামতা গ্রামের খুরশিদ আলমের ছেলে। দীর্ঘদিন ধরে নেজাম ডেকোরেটার্স নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি।

ঘটনার সময় উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হারুন জানান, আলোকসজ্জার কাজ চলাকালে হঠাৎই মনির সিঁড়ি থেকে পড়ে পুকুরঘাটের ফ্লোরে আছড়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা শাহাদাত হোসেন মজুমদার বলেন, ঘটনার সময় তিনিও স্থানে উপস্থিত ছিলেন। বৈদ্যুতিক তারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন ভাতিজা, এরপর স্ট্রোক করে তার মৃত্যু ঘটে।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ পর্যন্ত পুলিশকে এ ধরনের কোনো তথ্য জানানো হয়নি। বিষয়টি অবগত করা হলে বিস্তারিত জানানো যাবে। ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতির মাঝে এই দুর্ঘটনায় শোকস্তব্ধ পরিবারের সদস্যরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...