বাবা-মা হারানো এসএসসি পরীক্ষার্থী রিফাদের জন্য বই পাঠালেন প্রধানমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৯ পিএম
বাবা-মা হারানো এসএসসি পরীক্ষার্থী রিফাদের জন্য বই পাঠালেন প্রধানমন্ত্রী

বাবাকে গুমের শিকার হতে হয়েছে, মা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন— এমন কঠিন বাস্তবতার মধ্য দিয়ে বড় হচ্ছেন রামীমুল ইসলাম রিফাদ। এবার তিনি এসএসসি পরীক্ষার্থী। পড়াশোনার প্রয়োজনীয় বই ও টেস্ট পেপার তার হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রিফাদের বাবা মফিজুল ইসলাম রাশেদ ঢাকার দারুসসালাম থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০১৩ সালের ৪ এপ্রিল তিনি গুম হন। তার অন্তর্ধানের পর থেকে বাবার প্রতীক্ষায় অনিশ্চয়তার জীবন কাটছিল রিফাদের। এদিকে স্বামীর ন্যায়বিচারের আন্দোলনে মোহাম্মদপুরে ছোটাছুটির এক পর্যায়ে ২০২১ সালের নভেম্বরে সড়ক দুর্ঘটনায় মারা যান রিফাদের মা রুমা বেগম। মা চলে যাওয়ার পর সাভারের হেমায়েতপুরে অবস্থিত পারিবারিক ভিটাটিও দখল হয়ে যায় চাচার হাতে। এভাবে দুবেলা হারিয়ে একাকার রিফাদ এখন চাঁদপুরে খালার কাছে থেকে বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য বইয়ের প্রয়োজন রয়েছে রিফাদের। বিষয়টি জানালে বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন রিফাদের পড়ার প্রয়োজনীয় বইগুলো তার বড় ভাই রিমনের হাতে তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, কৃষি প্রশিক্ষণ ইনিস্টিউট ছাত্রদলের সভাপতি আব্দুল জলিল, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, শেকৃবি ছাত্রদল নেতা শোআইব ইসলাম ও ইয়াসির আরাফাত মিরাজ।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি জানান, গুমের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং ওই পরিবারের সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ সুরক্ষার প্রত্যয় নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ সাধ্যমতো কাজ করে যাচ্ছে। রিফাদের মতো সন্তানদের শিক্ষা নিশ্চিত করা এ সংগঠনের অন্যতম অঙ্গীকার বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...