চট্টগ্রামে কলহের জেরে স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

প্রাইম বার্তা অনলাইন
১১ সেপ্টেম্বর ২০২৬ ৫:৩৬ পিএম
চট্টগ্রামে কলহের জেরে স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে ঘরোয়া বিরোধ চরমে ওঠার পর স্বামীর হাতে মারধরের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন রুনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. জাকির হোসেনকে আটক করেছে চন্দনাইশ থানার পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বরমা ইউনিয়নের চরবরমা গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। পারিবারিক কলহের এক পর্যায়ে স্বামী জাকির হোসেন স্ত্রীকে প্রহার করে বলে অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় রুনা আক্তার সেখানেই মারা যান।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে জাকির হোসেনকে আটক করা হয়। পরে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।

ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, ঘটনার প্রেক্ষিতে নিহতের স্বামীকে আটক করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে তিনি জানান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ইতিমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...