মানুষের মুখোশ পরে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টা হচ্ছে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মানুষের মুখোশ পরে এখনো অনেকে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের ষড়যন্ত্র করছেন। তিনি বলেন, যারা অতীতে পাখির মতো মানুষ হত্যা করেছে, তারাই এখন সমাজের বুকে মানুষ সেজে ঘুরে বেড়াচ্ছে।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর বনানীতে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়ে আয়োজিত এক প্রতিভা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউট অব হজরত মুহাম্মদ (সা.) এই অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, দেশে ১৮ কোটি মানুষের মধ্যে যাদের চোখে আলো আছে, তারা হয়তো দেখছেন না যে অন্যায় কীভাবে ঘটছে। তিনি ২০১৪ সালের জুলাই-আগস্ট মাসের ঘটনার কথা স্মরণ করে বলেন, ওই সময় রাস্তায় ১ হাজার ৪০০ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। প্রায় ৩০ হাজার মানুষ হাত, পা বা মাথা হারিয়েছেন। এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্রের মাথা এখনো খুঁজে পাওয়া যায়নি। তিনি অতীতে ক্রসফায়ারের নামে গুম ও হত্যারও উল্লেখ করেন।
আসাদুজ্জামান বলেন, যারা এই নৃশংসতার সঙ্গে জড়িত ছিল, তারা এখনো আলো নিয়ে চলাফেরা করছে এবং বলছে এসব কিছু হয়নি। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যেখানেই থাকুন, চোখ খুলুন। সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী অপরাধ দেখলে প্রতিবাদ করা প্রতিটি নাগরিকের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।

