বরিশালে সেনা মহড়া দেখলেন তারেক রহমান, জঙ্গলে খেয়েছেন তাৎক্ষণিক খাবার

প্রাইম বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৬ ৪:৫৪ পিএম
বরিশালে সেনা মহড়া দেখলেন তারেক রহমান, জঙ্গলে খেয়েছেন তাৎক্ষণিক খাবার

দেশের সার্বভৌমত্ব রক্ষা ও যেকোনো সংকটে জাতির পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার গুরুত্ব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী যে পেশাদারিত্ব ও সাহসিকতার পরিচয় দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। সোমবার বরিশালের বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় অবস্থিত ঘন জঙ্গলের ভেতর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। পায়ে হেঁটে বিস্তীর্ণ বনাঞ্চল ঘুরে তিনি সেনাসদস্যদের যুদ্ধকালীন প্রস্তুতি ও কৌশলগত অবস্থান গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তাকে মহড়ার বিভিন্ন দিক সম্পর্কে অবগত করেন। বিশেষ করে শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টি-ড্রোন মাল্টি-ব্যারেল সিস্টেমের কার্যকারিতা এবং যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার সম্পর্কে তিনি ধারণা লাভ করেন।

মহড়া মাঠে সেনাসদস্যদের সাথে সময় কাটানোর এক পর্যায়ে তাদের সাথে মাটিতে বসে প্রণোদনামূলক কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। এরপর যুদ্ধক্ষেত্রের পরিবেশে তাৎক্ষণিকভাবে প্রস্তুত করা খাবার খান তিনি। কৌটার মধ্যে মোম জ্বালিয়ে তৈরি আগুনে রান্না করা সাদা ভাত, ডাল, আলুভর্তা, চিংড়ি ও ডিমের তরকারি সেখানে পরিবেশন করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...