দশ বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত রোনালদোর, অনুষ্ঠান হতে পারে সেপ্টেম্বরে
বিশ্বফুটবলের অন্যতম তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। প্রায় এক যুগ ধরে একে অপরের সঙ্গে থাকার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। স্পেনীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বর মাসেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।
২০১৬ সাল থেকে সম্পর্কে জড়িত থাকা এই দম্পতির ঘরে দুটি সন্তান রয়েছে, যদিও রোনালদোর মোট সন্তানের সংখ্যা পাঁচটি। সব সন্তান নিয়ে তারা এক ছাদের নিচেই বসবাস করছেন। এতদিন তারা শুধু প্রেমিক-প্রেমিকা হিসেবে পরিচিত থাকলেও শিগগিরই স্বামী-স্ত্রী হিসেবে পরিচিতি পাবেন। তাদের সুখের সংসার এবার নতুন মাত্রা পেতে যাচ্ছে।
স্পেনের জনপ্রিয় পত্রিকা ‘হোলা’ এই বিয়ের খবর প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। গত বছরের আগস্টে রোনালদো জর্জিনাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন এবং তিনি তা গ্রহণ করেছিলেন। তবে এ বিষয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি কেউ। তবে এই খবর অস্বীকারও করেননি তারা, যা নিশ্চিত করে যে গুজব সত্যি হতে পারে।
এর আগে এক সাক্ষাৎকারে রোনালদো মজা করে বলেছিলেন, তিনি বিশ্বকাপ জয়ের পর বিয়ে করতে চান। বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হলেও এবার তাদের বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে ৪১ বছর বয়সী এই পর্তুগিজ লিজেন্ড হয়তো এবার সত্যিই নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন।

