বিমানের বহর বিস্তারে মতবিনিময়, বিমানমন্ত্রীকে রাষ্ট্রদূতের অভিনন্দন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। পাশাপাশি দেশের বেসামরিক বিমান খাতের বিকাশ ঘটাতে বোয়িং উড়োজাহাজ ও যুক্তরাষ্ট্রের বিমানবন্দর নিরাপত্তা প্রযুক্তির সম্ভাব্য ভূমিকা নিয়েও দুজনের মধ্যে অভিমত বিনিময় হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ইউএস অ্যাম্বাসি ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই অভিনন্দন প্রকাশ করা হয়। পোস্টে বলা হয়, বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিমান পরিবহনকে এগিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে কথা হয়েছে মন্ত্রী ও রাষ্ট্রদূতের মধ্যে।
অভিনন্দনের পোস্টের সঙ্গে একটি প্রতীকী ছবিও যুক্ত করা হয়েছে। ওই ছবিতে দেখা যায়, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বিমানমন্ত্রীর হাতে বোয়িং উড়োজাহাজের একটি মডেল তুলে দিচ্ছেন।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর ‘বিমান কি বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কিনছে?’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। জাতীয় পতাকাবাহী এয়ারলাইনের বহর সম্প্রসারণের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান খাতের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে যেতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

