শনিবার রাতে ঢাকায়ই সর্বোচ্চ লোডশেডিং, ঘাটতি ২ হাজার ২৫৮ মেগাওয়াট
দেশের বিদ্যুৎ পরিস্থিতি এখনো স্বস্তির নয়। শনিবার রাত ৯টার পিক আওয়ারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সারাদেশে ২ হাজার ২৫৮ মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে। ওই সময়ে দেশের মোট বিদ্যুৎ চাহিদা ছিল ১৭ হাজার ১৭ মেগাওয়াট। জোনভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে ঢাকা জোনের গ্রাহকরা।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য ঘেঁটে রোববার (৬ সেপ্টেম্বর) এই চিত্র উঠে এসেছে। তথ্য বলছে, রাত ৯টায় ঢাকা জোনে লোডশেডিংয়ের পরিমাণ ছিল ৭৫৯ মেগাওয়াট, অথচ ওই জোনে বিদ্যুতের চাহিদা ছিল ৬ হাজার ১৮২ মেগাওয়াট। শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে খুলনা, যেখানে ২৬২ মেগাওয়াট লোডশেডিং হয়েছে; সেখানে চাহিদা ছিল ২ হাজার ৫৬ মেগাওয়াট। কুমিল্লা জোনে ২৩৮ এবং ময়মনসিংহে ২৩৪ মেগাওয়াট লোডশেডিং হয়েছে; এ দুই জোনের চাহিদা ছিল যথাক্রমে ১ হাজার ৬৭২ ও ১ হাজার ৪১৭ মেগাওয়াট।
বাকি অঞ্চলগুলোতেও ঘাটতির প্রভাব স্পষ্ট। রাজশাহী জোনে লোডশেডিং হয়েছে ২০৪ মেগাওয়াট, চট্টগ্রামে ১৭৭ মেগাওয়াট, রংপুরে ১৪২ মেগাওয়াট, সিলেটে ১৩৬ মেগাওয়াট এবং বরিশাল জোনে ১০৬ মেগাওয়াট। অর্থাৎ পিক আওয়ারে দেশের কোনো জোনই লোডশেডিংয়ের বাইরে থাকেনি।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে গ্যাস সরবরাহের সংকট, কয়লা মেলানো নিয়ে জটিলতা এবং বিদ্যুৎকেন্দ্রে নানা কারিগরি সমস্যার কারণেই লোডশেডিং বেড়েছে। এই উৎপাদন ঘাটতি না মিটলে আগামী দিনেও রাতের চাহিদা মেটাতে সাধারণ গ্রাহকদের দুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

