দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এমন পরিস্থিতিতে নতুন পে স্কেল বা নবম বেতন কমিশন বাস্তবায়নের দাবিতে আগামী ৫ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। বুধবার সংগঠনের আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিষয়ে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালে অষ্টম পে স্কেল বাস্তবায়নের পর থেকে দীর্ঘ সময় পার হলেও নতুন কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি। এর মধ্যে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি বাসা ভাড়া, চিকিৎসা খরচ এবং গ্যাস, বিদ্যুৎ, পানির বিল বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক হারে। যা সাধারণ সরকারি কর্মচারীদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে বলে দাবি করেছে সংগঠনটি। তারা মনে করেন, বর্তমান সংকট কাটিয়ে উঠতে দ্রুত নবম পে স্কেল ঘোষণা এবং তা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।
দাবি আদায়ে সংগঠনটির ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সারাদেশের জেলা শহরগুলোতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। এছাড়া ১০ এপ্রিল উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শান্তিপূর্ণ আলোচনা সভা ও প্রতিনিধি সমাবেশ আয়োজন করা হবে। এছাড়া আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখারও দাবি জানিয়েছেন তারা।
নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নবম পে স্কেল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনের নেতারা আশা করছেন, সরকার এই যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা