প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জোবাইদা রহমান যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন। হোয়াইট হাউসে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ যোগ দিয়ে তিনি বিশ্বনেতাদের সহধর্মিণীদের সাথে শিশুদের উন্নয়নে কাজ করার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেছেন।
গত মঙ্গল ও বুধবার (২৪ ও ২৫ মার্চ) এই সম্মেলনে বিশ্বের ৪৫টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেন। একজন অভিজ্ঞ চিকিৎসক হিসেবে ডা. জোবাইদা রহমান সম্মেলনে প্রতিটি শিশুর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও বাংলাদেশে শিশুদের জীবনমান উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। সফরসঙ্গী হিসেবে তার সাথে ছিলেন অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ব্যারিস্টার মেহনাজ মান্নান।
বুধবার স্থানীয় সময় সকালে হোয়াইট হাউসে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ডা. জোবাইদা রহমানকে স্বাগত জানান। পরে তারা শিশুদের কল্যাণে একযোগে কাজ করার বিষয়ে মতবিনিময় করেন এবং একটি নিরাপদ ভবিষ্যৎ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এই সফরে ডা. জোবাইদা রহমান শিশুদের শিক্ষার উন্নয়নে প্রযুক্তির ব্যবহার নিয়ে আয়োজিত একটি বিশেষ প্রদর্শনীও পরিদর্শন করেন।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা