পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, দেশের উন্নয়নে পাহাড় ও সমতলের সব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একযোগে কাজ করে দুর্নীতিমুক্ত আধুনিক রাষ্ট্র গড়ার আহ্বান জানান। বুধবার (২৫ মার্চ) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরতে আগামী ১২ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকায় বর্ণাঢ্য বর্ষবরণ উৎসবের আয়োজন করা হবে। তিনি ঘোষণা দেন যে, এখন থেকে কেবল ‘বৈসাবি’ নাম ব্যবহার না করে বিজু, সাংগ্রাই, বৈষু, বিষু, চাংক্রান, সাংক্রান ও সাংগ্রাইংসহ সকল সম্প্রদায়ের নিজস্ব উৎসবের নাম পৃথকভাবে ব্যবহার করা হবে। এর মাধ্যমে পাহাড়ি অঞ্চলের প্রতিটি জাতিগোষ্ঠীর স্বকীয় সংস্কৃতি ও আত্মপরিচয় ফুটিয়ে তোলা সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে মন্ত্রী ২৫ মার্চ গণহত্যা দিবসের স্মরণ করেন এবং ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর নির্মমতার কথা স্মরণ করে শ্রদ্ধা জানান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া তিনি পার্বত্য অঞ্চলে বেকারত্ব দূরীকরণ ও সরকারি শূন্যপদগুলো দ্রুত পূরণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি, সচিব মোহাম্মদ মিজানুর রহমান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা