সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, সরকার দেশের প্রতিটি পরিবারকে সামাজিক নিরাপত্তার আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তনের উদ্যোগ নিয়েছে। বুধবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এই ব্রিফিংয়ে তিনি বলেন, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ৪ কোটি ১০ লাখ পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে। ইতিমধ্যে পাইলট প্রকল্পের আওতায় ৩৭ হাজারের বেশি পরিবারের মধ্যে কার্ড বিতরণ করা হয়েছে, যারা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা পাচ্ছেন।
কৃষি ও অবকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আগামী পহেলা বৈশাখ থেকে ৮টি বিভাগের ১১টি উপজেলায় ২১ হাজার ১৪ জন কৃষকের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে। পাশাপাশি সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যে ৫৪টি জেলায় কাজ শুরু হয়েছে, যার মধ্যে প্রথম ১৮০ দিনে ১ হাজার ২০০ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধর্মীয় সেবকদের কল্যাণে ইমাম, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষু ও খ্রিস্টান যাজকদের জন্য সম্মানী ভাতা চালু করা হয়েছে এবং আগামী চার অর্থবছরে সব ধর্মীয় প্রতিষ্ঠান এর আওতায় আসবে।
অর্থনৈতিক খাত ও সরকারি ব্যয় সংকোচনের বিষয়ে তিনি জানান, সংসদ সদস্যরা ট্যাক্স-ফ্রি গাড়ি ও প্লট সুবিধা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। বৈদেশিক বিনিয়োগে উৎসাহ ও শ্রমিক অসন্তোষ রোধে বকেয়া বেতন-বোনাসের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যখাতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং ই-হেলথ কার্ড চালুর কথাও জানান তথ্যমন্ত্রী।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা