ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করা বিএনপির অন্যতম প্রধান দায়িত্ব। তিনি জানান, নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে। রোববার (২২ মার্চ) সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভোটাররা ভোট দেওয়ার পরপরই ফ্যামিলি কার্ড হাতে পেতে শুরু করেছেন। এরপর ধাপে ধাপে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির আওতায় সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। এছাড়াও তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিকল্পনার কথাও জানান তিনি। বিদেশি বিনিয়োগকারীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, এই খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
ফকির মাহবুব আনাম স্বপন বলেন, দীর্ঘ ১৭ বছর একটি দলের শাসনে মানুষ স্বস্তিতে ছিল না। বর্তমানে জনগণ শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে পেরেছে। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দখলবাজি ও সালিস বাণিজ্য বন্ধে কঠোর অবস্থানের কথা জানান। এ সময় তিনি প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের জন্য দেশবাসীর কাছে দোয়া চান। ‘এসো মিলি প্রাণের মেলায়, ফিরে যাবো স্মৃতির ভেলায়’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনর্মিলনী কমিটির আহ্বায়ক নুরন্নবী শিহাব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান এবং ওসি জাফর ইকবাল।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা