ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের সুখ-শান্তিতে রাখাই বর্তমান সরকারের প্রধান দায়িত্ব ও অঙ্গীকার। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় তাদের সেবা করা সরকারের নৈতিক দায়িত্ব। রোববার (২২ মার্চ) টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে। ভোটের পরপরই জনগণ ফ্যামিলি কার্ড পেতে শুরু করেছেন এবং ধাপে ধাপে স্বাস্থ্য কার্ডও প্রদান করা হবে। বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির আওতায় সব প্রতিশ্রুতি পূরণ করা হবে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ তরুণের কর্মসংস্থানের লক্ষ্যে বিদেশি বিনিয়োগকারীদের দেশে বিনিয়োগের আহ্বান জানানো হচ্ছে।
দেশের বর্তমান শান্তিপূর্ণ পরিবেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর একটি দলের শাসনে মানুষ স্বস্তিতে ছিল না, এখন তারা শান্তিতে ঈদ উদযাপন করতে পারছে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের শালিস বাণিজ্য বা দখলবাজি যেন এলাকায় না হয়। সর্বস্তরের মানুষকে দেশকে শান্তিময় রাখতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এসময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান ও থানার ওসি জাফর ইকবালসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা