আগামী ৩১ মার্চ ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা শেষ হচ্ছে। এরপর আর সময় বাড়ানোর সম্ভাবনা কম থাকলেও, যাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারছেন না, তাঁদের জন্য সুখবর দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি জানিয়েছে, সময়মতো আবেদন করলে অনলাইনের মাধ্যমে সহজেই রিটার্ন জমার সময় বৃদ্ধি করা যাবে।
এনবিআর জানিয়েছে, করদাতাদের সুবিধার্থে ‘টাইম এক্সটেনশন’ বা সময় বাড়ানোর অনলাইন সিস্টেম চালু করা হয়েছে। এর জন্য করদাতাকে এনবিআরের ওয়েবসাইটের ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেনুতে গিয়ে আবেদন করতে হবে। আবেদনটি অনলাইনেই সংশ্লিষ্ট কর কমিশনারের কাছে পাঠানো হবে এবং তিনি অনলাইনেই আবেদনটি মঞ্জুর বা নাকচ করবেন। কমিশনার কর্তৃক আবেদন মঞ্জুর হলে কোনো ধরনের জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা যাবে।
তবে মনে রাখতে হবে, এই সুবিধা পেতে হলে ৩১ মার্চের আগেই অনলাইনে আবেদন করতে হবে। কর কমিশনার আবেদনটি বিবেচনা করে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বাড়াতে পারেন। যাঁদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, তাঁরা অনলাইনের পাশাপাশি সরাসরি কর অফিসে গিয়েও লিখিতভাবে সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা