কুমিল্লায় এক অনুষ্ঠানে খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, বর্তমানে দেশে যে পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে তা দিয়ে আগামী কয়েক মাস সহজেই চলবে। তিনি আশ্বস্ত করে বলেন, সরকার নিশ্চিত করবে যাতে কোনো নাগরিক খাদ্যের অভাবে ভুগতে না হয়। গত বুধবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষকদের স্বার্থে ফসল বীমা চালুর ঘোষণা দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে বীমার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। কৃষি খাতের উন্নয়নে সরকার ইতিমধ্যে প্রণোদনা ও ঋণ সুবিধা বাড়িয়েছে বলেও জানান তিনি। মন্ত্রীর মতে, কৃষক কার্ডের পাশাপাশি এবার ফসলের নিরাপত্তাও নিশ্চিত করছে সরকার।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করছেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার দল হিসেবে বিএনপি তার প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি বাবদ প্রতিশ্রুতি ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে এই অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান ও জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আমড়াতলী ইউনিয়নের ১ হাজার ৮৭৯ জন উপকারভোগীর মাঝে প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা