খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশের বর্তমান খাদ্য মজুত দিয়ে আগামী কয়েক মাসের চাহিদা পূরণ করা সম্ভব হবে। তিনি নিশ্চিত করেছেন, যাতে কোনো মানুষ খাদ্য সংকটে না পড়ে, সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। বুধবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য শিগগিরই ফসল বীমা চালু করা হবে। বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসলের ক্ষতি হলে এই বীমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে। তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা বাস্তবায়ন করছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। অনেকে ভেবেছিলেন এগুলো কেবল কথা, কিন্তু বর্তমান সরকার তা বাস্তবে রূপ দিচ্ছে।
কৃষিকে অর্থনীতির মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। অনুষ্ঠানে আমড়াতলী ইউনিয়নের ১ হাজার ৮৭৯ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা