কুমিল্লায় খাদ্য নিরাপত্তা ও কৃষকদের সার্বিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের বর্তমান খাদ্য মজুদ আগামী কয়েক মাসের চাহিদা পূরণে সক্ষম। তিনি নিশ্চিত করেছেন যে, কোনো নাগরিককেই খাদ্য সংকটের মুখোমুখি হতে হবে না। গত বুধবার (১৮ মার্চ) কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যবান্ধব কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের আর্থিক ক্ষতিরোধে ফসল বীমা চালুর গুরুত্বের ওপর আলোচনা করেন মন্ত্রী। তিনি জানান, বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে বীমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এ সময় তিনি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সুবিধা বাস্তবে রূপ দিচ্ছেন।
আমড়াতলী ইউনিয়নের ১ হাজার ৮৭৯ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয় এই অনুষ্ঠানে। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে জেলা প্রশাসক মু. রেজা হাসান ও জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কৃষিমন্ত্রী আরও জানান, সরকার কৃষকদের ঋণ সুবিধা সহজীকরণ ও প্রণোদনার মাধ্যমে কৃষি অর্থনীতিকে সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা