খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশের বর্তমান খাদ্য মজুদ আগামী কয়েক মাসের চাহিদা পূরণের জন্য সম্পূর্ণ পর্যাপ্ত। সরকার নিশ্চিত করতে চায় যেন কোনো নাগরিককেই খাদ্য সংকটে পড়তে না হয়। গতকাল বুধবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলীতে এক খাদ্যবান্ধব কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার শিগগিরই ফসলের বীমা ব্যবস্থা চালু করতে যাচ্ছে বলে জানান তিনি। বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে ফসলের ব্যাপক ক্ষতি হলে এই বীমার আওতায় কৃষকরা ক্ষতিপূরণ পাবেন, যাতে তারা আর্থিকভাবে পঙ্গু না হয়ে পড়েন। মন্ত্রী বলেন, কৃষিই দেশের অর্থনীতির মূল ভিত্তি এবং কৃষকদের স্বার্থে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। এ সময় তিনি নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকার প্রশংসা করেন।
আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান ও জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু। অনুষ্ঠান শেষে স্থানীয় এক হাজার ৮৭৯ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা