কুমিল্লার আদর্শ সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণকালে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশের বর্তমান খাদ্য মজুদ আগামী কয়েক মাসের চাহিদা পূরণে সক্ষম। তিনি নিশ্চিত করেছেন যে, কোনো নাগরিককেই খাদ্য সংকটের মুখোমুখি হতে হবে না।
কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ফসল বীমা চালুর উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে এই বীমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে কৃষকরা আর্থিকভাবে বিপর্যস্ত না হয়। তিনি কৃষিকে অর্থনীতির মূলভিত্তি আখ্যা দিয়ে কৃষকদের ঋণ ও প্রণোদনার মাধ্যমে সহায়তা অব্যাহত রাখার কথাও তুলে ধরেন।
শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের মতো উদ্যোগ বাস্তবে রূপ লাভ করেছে।
অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান ও জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। শেষে আমড়াতলী ইউনিয়নের এক হাজার ৮৭৯ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা