কুমিল্লায় খাদ্য ও কৃষিমন্ত্রী বলেছেন, বর্তমানে দেশে থাকা খাদ্য মজুদ দিয়ে আগামী কয়েক মাস চলতে কোনো সমস্যা হবে না। একইসাথে কৃষকদের প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে রক্ষা করতে শিগগিরই ফসল বীমা চালুর ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার (১৮ মার্চ) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এসব কথা বলেন। তিনি বলেন, কৃষকরা যাতে দুর্যোগে আর্থিকভাবে পঙ্গু না হয়ে পড়ে, সেজন্য বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে বীমার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতাসহ নানা উদ্যোগ বাস্তবে রূপ দিচ্ছেন। দলীয় প্রতীক ও ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বিএনপি যা বলে তা কাজে প্রমাণ করে। কৃষিকে অর্থনীতির ভিত হিসেবে উল্লেখ করে তিনি জানান, কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে প্রণোদনা ও ঋণের সুবিধা অব্যাহত রেখেছে সরকার।
অনুষ্ঠানে আমড়াতলী ইউনিয়নের এক হাজার ৮৭৯ জন উপকারভোগীর হাতে ৩০ কেজি করে চাল তুলে দেওয়া হয়। এসময় জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এবং স্থানীয় বিএনপি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা