খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশের বর্তমান খাদ্য মজুদ আগামী কয়েক মাসের চাহিদা পূরণে সক্ষম। কোনো মানুষই যেন খাদ্য সংকটে পড়েন সেজন্য সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন। গতকাল বুধবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য ফসল বীমা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসলের ক্ষতি হলে এই বীমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে। কৃষকদের মাত্র কার্ড প্রদান নয়, তাদের উৎপাদিত ফসলের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, কৃষি অর্থনীতির মেরুদণ্ড এবং কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে সরকার ইতোমধ্যেই ঋণ ও প্রণোদনার মতো নানা পদক্ষেপ নিয়েছে।
এসময় রাজনৈতিক বক্তব্যে মন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে আমড়াতলী ইউনিয়নের এক হাজার ৮৭৯ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এতে জেলা প্রশাসক মু. রেজা হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা