কুমিল্লার আদর্শ সদর উপজেলায় খাদ্য সহায়তা বিতরণকালে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সারা দেশের গোডাউনে এখন পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে। বুধবার (১৮ মার্চ) শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি নিশ্চিত করেন, আগামী কয়েক মাস এই মজুত দিয়েই দেশের কোনো মানুষকে খাদ্য সংকটে পড়তে হবে না। সরকার সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য শিগগিরই ফসল বীমা চালু করা হবে বলে জানান তিনি। বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসলের ক্ষয়ক্ষতি হলে এই বীমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে। মন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা বাস্তবায়ন করা হচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার জনগণের সেবায় কাজ করে যাচ্ছে বলেও তিনি দাবি করেন।
অনুষ্ঠানে আমড়াতলী ইউনিয়নের এক হাজার ৮৭৯ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। কৃষিকে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃষকের আর্থিক সক্ষমতা বাড়াতে সরকার ইতোমধ্যে প্রণোদনা ও ঋণ সুবিধা সহজীকরণ করেছে। এসময় কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা