যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে আধুনিক ও শক্তিশালী বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এক অদ্ভুত সমস্যায় জর্জরিত। যুদ্ধের প্রস্তুতির চেয়ে জাহাজটির পয়োনিষ্কাশন ব্যবস্থার বিপর্যয় বর্তমানে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায় পাঁচ হাজার নাবিকের বসবাস এই জাহাজে থাকলেও সচল টয়লেটের সংখ্যা এখন খুবই কম। ফলে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে নাবিকদের প্রায় ৪৫ মিনিট পর্যন্ত লাইনে দাঁড়ে থাকতে হচ্ছে।
এনপিআর এবং ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে জানা যায়, গত ১৫ জানুয়ারি জাহাজটির বর্জ্য নিষ্কাশন ব্যবস্থায় গুরুতর ত্রুটি ধরা পড়ে। জাহাজের জটিল ভ্যাকুয়াম সিস্টেমটি এতটাই দুর্বল যে এটি বারবার বন্ধ হয়ে যাচ্ছে। সমুদ্রের মাঝে থাকার কারণে ডকইয়ার্ডে ফেরা পর্যন্ত এর স্থায়ী সমাধান সম্ভব নয়, যা নাবিকদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা নিয়ে মার্কিন নৌবাহিনীর ওপর তীব্র ব্যঙ্গ ও সমালোচনা চলছে।
সামরিক দিক থেকে জাহাজটি বর্তমানে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। গত জুন মাস থেকে টানা সমুদ্রে থাকার পর মিশনের সময়সীমা দ্বিতীয়বারের মতো বৃদ্ধি পাওয়ায় নাবিকদের মনোবলে ভাটা পড়েছে। জাহাজের অধিনায়ক ডেভিড স্কারোসি নাবিকদের পরিবারের কাছে পাঠানো এক চিঠিতে স্বীকার করেছেন, মিশনের এই অনিশ্চিত সময়সীমায় তিনিও হতবাক হয়ে পড়েছেন। তবে নৌবাহিনীর দাবি, টয়লেট সংকট তাদের যুদ্ধ সক্ষমতায় কোনো প্রভাব ফেলবে না।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা