মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন বিরাট এক বিড়ম্বনার মুখোমুখি। প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনা সদস্যের এই বিমানবাহী রণতরির শৌচাগারগুলোর বেশিরভাগই এখন অচল, যা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দেশটির নৌবাহিনীর জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। খবর এনপিআর ও ওয়াল স্ট্রিট জার্নালের।
সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজের বর্জ্য নিষ্কাশনের জটিল ভ্যাকুয়াম সিস্টেমটি বারবার বিকল হচ্ছে। এর ফলে প্রকৃতির ডাকে সাড়া দিতে নাবিকদের প্রায় ৪৫ মিনিট পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক হাসি-তামাশা ও ব্যঙ্গ চলছে, অনেকে একে প্রতীকী 'টয়লেট যুদ্ধ' বলেও আখ্যা দিচ্ছেন।
জানা গেছে, গত জুন থেকে এই রণতরিটি সমুদ্রে মোতায়েন রয়েছে এবং ইরানের সাথে সম্ভাব্য সংঘাতের কারণে তাদের মিশনের মেয়াদ দ্বিতীয়বারের মতো বাড়ানো হয়েছে। জাহাজের অধিনায়ক ডেভিড স্কারোসি পরিবারের কাছে পাঠানো এক চিঠিতে স্বীকার করেছেন, মিশনের এই জটিলতায় তিনি নিজেও হতবাক হয়েছেন। তবে নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজের ৬৫০টি শৌচাগারের সিস্টেমটি ডকইয়ার্ডে না ফেরা পর্যন্ত ঠিক করা সম্ভব নয়। এই অব্যবস্থাপনার মধ্যেও নৌবাহিনী দাবি করছে যে, টয়লেট সংকট তাদের যুদ্ধ সক্ষমতায় কোনো প্রভাব ফেলছে না।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা