হিজবুল্লাহর রকেট হামলার পাল্টা জবাবে লেবাননের বিভিন্ন স্থানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। সোমবার (২ মার্চ) রাজধানী বৈরুতসহ দেশটির বিস্তীর্ণ এলাকায় ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিগুলোতে অভিযান পরিচালনা করা হয়।
ইসরাইলি বাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারা লেবাননজুড়ে গোষ্ঠীটির অবস্থানগুলোতে আঘাত হানছে। তাদের বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, ইসরাইল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করার সুযোগ দেওয়া হবে না এবং এর কঠোর জবাব দেওয়া হবে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়েহ-সহ হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলোতে মুহুর্মুহু বোমাবর্ষণ করছে ইসরাইলি যুদ্ধবিমান।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরাইলের হাইফার একটি সামরিক ঘাঁটিতে হামলার দায়িত্ব স্বীকার করেছিল হিজবুল্লাহ। বিশ্লেষকদের মতে, এই সরাসরি সংঘাত মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতিকে আরও ভয়াবহ ও বিস্তৃত আকার ধারণ করতে পারে।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা