বনগাঁয় নারী শিল্পীকে অপমানের ঘটনায় অভিযুক্ত জ্যোতিষী তনয় শাস্ত্রী ১৩ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। জেল থেকে বের হওয়ার পরপরই তিনি পাল্টা আক্রমণ শুরু করেছেন। তিনি টালিউড অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন এবং আইনি নোটিশ পাঠিয়েছেন। মিমির বিরুদ্ধে মিথ্যা মামলা করে হেনস্তা করার অভিযোগ এনে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।
গত ২৫শে জানুয়ারি বনগাঁর নয়া গোপালগুঞ্জ যুব সংঘের আয়োজনে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। ওই অনুষ্ঠানে পারফর্ম করার জন্য তাঁকে ২ লাখ ৬৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। সময়মতো মঞ্চে উপস্থিত না হওয়ায় ক্লাবের কর্মকর্তা তনয় শাস্ত্রী তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেন এবং অপমান করেন বলে অভিযোগ ওঠে। এর জেরে তনয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মিমি। সেসময় সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট লিখে নিজের ক্ষোভ ও শিল্পীদের অধিকার নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।
মিমির অভিযোগের ভিত্তিতে ২৯শে জানুয়ারি তনয় শাস্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তোলা হলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর ১৩ দিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। কারামুক্ত হয়ে তনয় দাবি করেছেন, মিমি অনুষ্ঠানে অংশ না নেওয়ায় ক্লাব যে অগ্রিম টাকা তাঁকে দিয়েছিল, তা ফেরত দিতে হবে। পাশাপাশি, মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ এনে তিনি বর্তমানে মিমির বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামলেন।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা