রাজবাড়ীর পাংশায় নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীনের সঙ্গে উপজেলার সকল দপ্তর প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সকল সরকারি দপ্তর, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মানোন্নয়নে গুরুত্বারোপ করে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় তিনি উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে মতামত গ্রহণ করেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন সড়কের বেহাল অবস্থা, বদ্ধ ভূমি, যানজট, নদীভাঙন, মুক্তিযোদ্ধাদের কল্যাণে কার্যক্রম এবং পাংশা বাজারে পাবলিক টয়লেট স্থাপনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এবং এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
জেলা প্রশাসক আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনগণের কল্যাণে এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। সরকারি কর্মচারীরা আলাদা কেউ নন-সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই জনগণের সেবার মান বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পাবে।
এ সময় তিনি সরকারি কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে বলেন, সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন কার্ড-যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ অন্যান্য সুবিধা বিতরণের ক্ষেত্রে কোনো অনিয়ম বা নীতিমালার ব্যত্যয় সহ্য করা হবে না। স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে এসব কার্যক্রম পরিচালনা করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক, সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা