ময়মনসিংহে আ.লীগ কার্যালয়ে ফের হামলা, সামনে টায়ারে অগ্নিসংযোগ

প্রাইম বার্তা অনলাইন
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৭ পিএম
ময়মনসিংহে আ.লীগ কার্যালয়ে ফের হামলা, সামনে টায়ারে অগ্নিসংযোগ

ময়মনসিংহ নগরীর শিববাড়িতে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর মোহাম্মদ আয়াসের নেতৃত্বে আন্দোলনকারীরা অফিসের প্রধান ফটকের পাশের দেয়াল গুঁড়িয়ে দেন এবং সামনে টায়ারে আগুন জ্বালিয়ে দেন।

গত ৫ আগস্টের পর থেকে ওই কার্যালয়টি তালাবন্ধ ও পরিত্যক্ত অবস্থায় ছিল। সম্প্রতি গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর কার্যালয়টি খোলার গুঞ্জন ওঠে। এরই ধারাবাহিকতায় ২১ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগ নেতা কাজী আজাদ জাহান শামীমের নেতৃত্বে ওই অফিসের সামনে দলীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। ওই ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নগরীতে তোলপাড় সৃষ্টি হয়। এর জের ধরেই সোমবার সকালে কার্যালয়টিতে হামলা হয়।

ভাঙচুরের পর আল নূর আয়াস বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। তারা শহীদ সাগরসহ হাজার হাজার মানুষ হত্যার সাথে জড়িত। বিচার চলমান অবস্থায় তারা সাংগঠনিক কার্যক্রম চালু করার দুঃসাহস দেখিয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, শহীদদের রক্তের ওপর দিয়ে নিষিদ্ধ দলটির রাজনীতি করতে দেওয়া হবে না। প্রয়োজনে এই কার্যালয় ভেঙে সেখানে পাবলিক টয়লেট নির্মাণ করা হবে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এটি ওই কার্যালয়ের বিরুদ্ধে তৃতীয়বারের মতো হামলা ও ভাঙচুরের ঘটনা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...