যশোরে পোড়া দলীয় কার্যালয়ে মুজিব-হাসিনার ব্যানার, অপসারণ করল পুলিশ
যশোর শহরের গড়িঘাটায় অবস্থিত জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত ও পুড়ে যাওয়া কার্যালয়ের সামনে হঠাৎ করেই দেখা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত একটি ব্যানার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার পর এই ব্যানারটি ঝুলতে দেখা যায়, যা নিয়ে স্থানীয়দের মধ্যে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালী মডেল থানা ও কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যানারটি অপসারণ করে থানা হেফাজতে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, গণঅভ্যুত্থানের সময় গত ৫ আগস্ট বিকালে ওই তিনতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পরে তা লুটপাট করা হয়। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং ভবন কর্তৃপক্ষ প্রবেশপথ ইট দিয়ে গেঁথে দেন। কীভাবে এবং কারা এই ব্যানার টাঙিয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেননি। তবে ধারণা করা হচ্ছে, কেউ পেছনের দিকের কার্নিশ বেয়ে ছাদে উঠে ব্যানারটি ঝুলিয়েছে। ব্যানারটিতে জয় বাংলা-জয় বঙ্গবন্ধু লেখা ছিল এবং এতে বাবা-মেয়ের একটি আবেগঘন ছবি ছাপা ছিল।
কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এবং কসবা পুলিশ ফাঁড়ির এসআই অহিদুজ্জামান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তারা এই ব্যানারটি অপসারণ করেছেন। তারা জানান, পুলিশ ব্যানারটি নামিয়ে কসবা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

