তারেক রহমানের জন্য বিমানবন্দরে প্রস্তুত বুলেটপ্রুফ বাস
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে একটি বুলেটপ্রুফ বাস পৌঁছেছে। একই সঙ্গে বিমানবন্দর এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিমানবন্দরের সিআইপি গেটে দেখা যায়, বিশেষভাবে প্রস্তুত বাসটি লাল ও সবুজ রঙে সজ্জিত। বাসটির গায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় প্রতিকৃতি শোভা পাচ্ছে। পাশাপাশি গণতন্ত্র ও রাজনৈতিক সংগ্রাম সংশ্লিষ্ট বিভিন্ন স্লোগানও বাসটিতে প্রদর্শিত হয়েছে। এতে লেখা রয়েছে তারেক রহমানের বহুল আলোচিত স্লোগান— “সবার আগে বাংলাদেশ।”
বাসটির জানালাগুলো বিশেষভাবে সুরক্ষিত ও শক্তিশালী করা হয়েছে। সিআইপি এলাকায় প্রবেশের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাসটির চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করতে দেখা যায়।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে যেতে পারেন। সেখানে তিনি তার অসুস্থ মা খালেদা জিয়ার খোঁজখবর নেবেন।
ওই সদস্য আরও জানান, হাসপাতালে যাওয়ার পথে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এলাকায় আয়োজিত জনসমাবেশে তারেক রহমানের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে তারেক রহমানের যাত্রাপথ ও বিমানবন্দর সংলগ্ন এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা যায়।

