চাকরির ফাঁদে ফেলে বেকারদের লুট, র্যাবের অভিযানে ৬ জনের সাজা
রাজধানীর ভাটারায় চাকরি দেওয়ার নাম করে বেকার যুবকদের সাথে প্রতারণার অভিযোগে ড্রাগন শেল্ড সিকিউরিটি সলিউশন লিমিটেড নামক প্রতিষ্ঠানের ছয় কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একইসাথে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অফিসটি সিলগালা করে দেওয়া হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কুড়িলের এই অফিসটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন বেকার তরুণ-তরুণীদের টার্গেট করে আসছিল। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের নগদ অর্থ হাতিয়ে নিতো এই চক্রটি। রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত র্যাব-১ এর সদর দপ্তরের একটি বিশেষ দল ভাটারা থানার কুড়িল এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় প্রায় ৪৫ থেকে ৫০ জন ভুক্তভোগী সেখানে উপস্থিত ছিলেন।
র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে আবুল কালাম আজাদকে ছয় মাস, ইকবাল হোসেনকে দুই মাস, মাসুদ রানা ও মো. হাসানকে ১৫ দিন এবং আফসান আহাম্মেদ স্বপন ও কবির হোসেনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। র্যাব-১ এর সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

